বিবিয়ানার ৬ কূপে উৎপাদন বন্ধ, তীব্র গ্যাস সংকট

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৫:৩১ এএম

মৌলভীবাজারের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপ থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন। হঠাৎ প্রায় ৪৫ কোটি ঘনফুট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিয়েছে গতকাল রবিবার দুপুর থেকে। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বলছে, এই সমস্যা চলবে আরও কয়েক দিন।

পেট্রোবাংলা ও শেভরন সূত্র বলছে, দুপুরে হঠাৎ মৌলভীবাজারের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। কোন কূপ থেকে উঠছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাই জরুরি ভিত্তিতে ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, রক্ষণাবেক্ষণের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্রের গ্যাস প্রক্রিয়াকরণের দুটি ইউনিটে বেলা সোয়া একটা থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এতে গ্যাসের উৎপাদন কমে গেছে। পুরোপুরি উৎপাদনে ফেরানোর কাজ চলছে। কখন আবার উৎপাদন শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে দুঃখপ্রকাশ করে গতকাল দুই দফা বিবৃতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রথম বিজ্ঞপ্তিতি বলা হয়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। দ্বিতীয় দফা বিবৃতিতে বলা হয়, গ্যাস সরবরাহ ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্নও ঘটছে। পরে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ফেইসবুক পেজে এক পোস্টে জানানো হয়, অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

তবে পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেওয়ায় ফেইসবুকেই ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। রবিবার রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে দিনে ৩৭০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও শনিবার মোট গ্যাস সরবরাহ করা হয় ২৭৯ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে বিবিয়ানা থেকে সরবরাহ করা হয় ১১৫ কোটি ঘনফুট। রবিবার দুপুরের পর থেকে বিবিয়ানায় উৎপাদন প্রায় অর্ধেক কমে যায়। এতে বাসার চুলায়, শিল্পকারখানায় ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কমতে থাকে। তবে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত