কেশব মহারাজের স্পিন বিষে ডারবান টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। জয়ের আশায় খেলতে নেমে পঞ্চম ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে ১৯ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।
২২০ রানের বিশাল জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এমন হারের পর ব্যাটিংয়ে দায় করলেন সফরকারী দলের অধিনায়ক মুমিনুল হক। অবশ্য ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনিও। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না মুমিনুল দলকে বিপদে রেখে দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন মাত্র ২ রান করে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বলের মেরিট অনুসারে খেলতে চেষ্টা করেছিলাম। শেষ সেশন পর্যন্ত খেলতে চেয়েছিলাম আমরা। দুর্ভাগ্যবশত, গতকাল বিকেলে আমরা তিন উইকেট হারিয়েছিলাম যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্পিন খেলতে অভ্যস্ত। আমরা এটাও জানি, ডারবানে তৃতীয়-চতুর্থ দিন থেকেই স্পিন হয়। আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি।’
নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে হারল বাংলাদেশ। আর কিংসমিডে যেকোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর। আগের রেকর্ডটি ছিল ভারতের। ১৯৯৬-৯৭ মৌসুমে ৬৬ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।
ডারবানের চতুর্থদিনে মিরাজ-এবাদতের বোলিংয়ে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস থামে ২০৪ রানে। তার আগে স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৩৬৭ রান। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৪ রান। কিন্তু সেই রান তাড়া করতে নেমে যেন ব্যাটিংটায় ভুলে গেল বাংলাদেশ!
তবে দল লজ্জার রেকর্ড গড়ে হারলেও বোলারদের কৃতিত্ব দিয়েছেন মুমিনুল, ‘দুই ইনিংসে সত্যি খুব ভালো করেছে বোলাররা। গত কয়েকটি ম্যাচে, আমাদের পেস বোলিং বিভাগ খুব ভালো করেছে… নিউজিল্যান্ডে এবং এখানে ওয়ানডে সিরিজে।’
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের পর দ. আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়, বাংলাদেশ এই টেস্ট সিরিজেও ভালো কিছু আশা করেছিল। অবশ্য সিরিজে সমতায় ফেরার আশা এখনো আছে টাইগারদের।
তার জন্য শক্তভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মুমিনুলের কণ্ঠে, ‘দ্বিতীয় ইনিংসে আমরা অতিরিক্ত ৫০-৬০ রান বেশি দিয়েছি। আমাদের আরও একটি ম্যাচ আছে, আমাদের শক্তভাবে ফিরতে হবে। আমরা আমাদের সুযোগগুলোকে কাজে লাগাতে চেষ্টা করব। নতুনদের জন্য তাদের প্রতিভা দেখানোর এটা ভালো সুযোগ হবে।’
দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৭ এপ্রিল, পোর্ট এলিজাবেথে।
