মাঝেমধ্যে প্রোটিয়ারা বাজেভাবে গালাগালি করছিল: মুমিনুল

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৬:৩২ পিএম

কেশব মহারাজের স্পিন জাদুতে ডারবান টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্য তাড়া করে জয়ের আশায় খেলতে নেমে পঞ্চম ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে ১৯ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।

২২০ রানের বিশাল জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এমন হারের পর ব্যাটিংয়ে সফরকারী দলের অধিনায়ক মুমিনুল হক ব্যাটিংকে দায় করার পাশাপাশি দ. আফ্রিকার ক্রিকেটারদের বিপক্ষে ‘অভিযোগের’ আঙুলও তুলেছেন।

ডারবান টেস্ট বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে থাকবে। টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর তো বটে, কিংসমিডে সর্বনিম্ন স্কোরটিও এখন বাংলাদেশের। তবে এই টেস্ট বেশ কয়েকটি বিষয়ের ক্ষেত্রে বিতর্ক উত্থাপন করল।

চতুর্থদিনে এই টেস্টের বাইরে থাকা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দাবি তোলেন, ম্যাচে নিরপেক্ষ আম্পায়ারের। ম্যাচ রেফারি ছাড়া ডারবান টেস্ট পরিচালনায় দলের বাকি সবাই ছিলেন দ. আফ্রিকান। তবে আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্ত বিপক্ষে গেছে বাংলাদেশের। যার কারণে ম্যাচ শেষে মুমিনুলেও একই রকম দাবি। 

সেই সঙ্গে টাইগার অধিনায়ক জানালেন, প্রোটিয়াদের স্লেজিংয়ের শিকার হয়েছেন তারা। লজ্জাজনক হারের পর অনলাইন সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘মাঠে স্লেজিং সব সময় হয়। স্লেজিং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, তা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত