মার্চে প্রতিদিন সড়কে প্রাণ গেছে ১৯ জনের

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৬:৪৪ এএম

সারা দেশে গত মার্চ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এতে নিহত ৫৮৯ এবং আহত হয়েছে ৬৪৭ জন। এ হিসাবে মাসটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৯ জন নিহত হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে গড়ে এ সংখ্যা ছিল ১৬ দশমিক ৭৫ জন। এ হিসাবে ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে প্রাণহানি বেড়েছে ১৩ দশমিক ৪৩ শতাংশ। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছে ৪৬৩ জন, যা মোট মৃত্যুর ৭৮ দশমিক ৬০ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন মাসিক প্রতিবেদনে সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এমন তথ্য উঠে এসেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে গত মার্চে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ১৭৬টি। তাতে নিহত হয়েছে ২২১ জন, যা মোট নিহতের ৩৭ দশমিক ৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ৪২ শতাংশ। দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৭ দশমিক ৫০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৭৩ জন, যা মোট মৃত্যুর ১২ দশমিক ৩৯ শতাংশ। এ সময়ে পাঁচটি নৌ-দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৭ নিহত এবং ৮ জন আহত হয়েছে।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে ২২১ জন, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৫২শতাংশ, বাসযাত্রী ৩৯ জন, যা মোট মৃত্যুর ৬ দশমিক ৬২ শতাংশ, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৩৪ জন, যা মোট মৃত্যুর ৫ দশমিক ৭৭ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেট কার যাত্রী ১৭ জন, যা মোট মৃত্যুর ২ দশমিক ৮৮ শতাংশ, থ্রি-হুইলার আরোহী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-টেম্পো-জিপ-পাওয়ার টিলার) ৮১ জন, যা মোট মৃত্যুর ১৩ দশমিক ৭৫ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-চান্দের গাড়ি-মাহিন্দ্র-টমটম) ২৪ জন, যা মোট মৃত্যুর ৪ দশমিক শূন্য ৭ শতাংশ এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ১১ জন, যা মোট মৃত্যুর ১ দশমিক ৮৬ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে জাতীয় মহাসড়কে ১৬৭টি যা মোট সড়ক দুর্ঘটনায় ৩৬ দশমিক ৪৬ শতাংশ; আঞ্চলিক সড়কে ১৭৯টি, যা মোট সড়ক দুর্ঘটনায় ৩৯ দশমিক শূন্য ৮ শতাংশ; গ্রামীণ সড়কে ৬৮টি, যা মোট সড়ক দুর্ঘটনায় ১৪ দশমিক ৮৪ শতাংশ; শহরের সড়কে ৩৯টি যা মোট সড়ক দুর্ঘটনায় ৮ দশমিক ৫১ শতাংশ এবং অন্যান্য স্থানে পাঁচটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, গত মার্চে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৭১টি, যা মোট সড়ক দুর্ঘটনার ১৫ দশমিক ৫০ শতাংশ; নিয়ন্ত্রণ হারিয়ে ১৬৮টি, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ৬৮ শতাংশ। পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া ১৫৯টি, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৪ দশমিক ৭১ শতাংশ, যানবাহনের পেছনে আঘাত করেছে ৪৬টি, যা মোট সড়ক দুর্ঘটনার ১০ দশমিক শূন্য ৪ শতাংশ এবং অন্যান্য কারণে ঘটেছে ১৪টি, যা মোট সড়ক দুর্ঘটনার ৩ দশমিক ৫ শতাংশ।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৫ দশমিক ২৪ শতাংশ, সকালে ৩৪ দশমিক শূন্য ৬ শতাংশ, দুপুরে ১৯ শতাংশ, বিকেলে ১৮ দশমিক ১২ শতাংশ, সন্ধ্যায় ৬ দশমিক ৫৫ শতাংশ এবং রাতে ১৭ দশমিক শূন্য ৩ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে : দুর্ঘটনার বিভাগওয়ারি পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৫ দশমিক ৫৪ শতাংশ, প্রাণহানি ২৩ দশমিক ৯৩ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১১ দশমিক ৩৫ শতাংশ, প্রাণহানি ১১ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৯ দশমিক ৪৩ শতাংশ, প্রাণহানি ২১ দশমিক ৭৩ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩ দশমিক ৯৭ শতাংশ, প্রাণহানি ১৫ দশমিক ৯৫ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৩০ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৬৭ শতাংশ, প্রাণহানি ৫ দশমিক ৯৪ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ২৯ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৬৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৬ দশমিক ৭৬ শতাংশ, প্রাণহানি ৬ দশমিক ২৮ শতাংশ ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, ট্রাকসহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পথচারীরা যেমন সড়কে নিয়ম মেনে চলে না, তেমনি যানবাহনগুলোও বেপরোয়া গতিতে চলে। ফলে পথচারী নিহতের ঘটনা বাড়ছে।

রোড সেফটি ফাউন্ডেশনের কমকর্তারা বলেছেন, এ আতঙ্কজনক প্রেক্ষাপটে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারের তেমন কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। সড়ক দুর্ঘটনা ঘটছে মূলত সড়ক পরিবহন খাতের নৈরাজ্য ও অব্যবস্থাপনার কারণে। এ অবস্থার উন্নয়নে টেকসই সড়ক পরিবহন কৌশল প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। এজন্য প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত