৭ দিনে রোগী কমেছে ২৭.৫ শতাংশ

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৬:৫৮ এএম

দেশে গত এক সপ্তাহে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা আরও কমে এসেছে। তবে মৃত্যু বেড়েছে। গত ৭ দিনে শনাক্ত কমেছে ২৭ দশমিক ৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৩০০ শতাংশ। গত ৭ দিনে (২৮ মার্চ-৩ এপ্রিল) রোগী শনাক্ত হয়েছে ৪৮৮ জন। এর আগের সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিল ৬৭৩ জন। আক্রান্তের এ সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৫ শতাংশ কমেছে। করোনায় আক্রান্তদের মধ্যে গত এক সপ্তাহে ৪ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে মৃত্যু হয়েছিল ১ জনের। সেই হিসাবে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৩০০ শতাংশ। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬১ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে দেশে রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৭ হাজার ৭৭৮টি। নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৭৮৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬১টি। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ৫৩ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে ৪৫ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশের ৫১টি জেলায় গত এক দিনে কোনো রোগী শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত