সিলেটের জৈন্তাপুর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে মাওলানা সালেহ আহমদ (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সালেহ আহমদ হরিপুর বাজার এলাকার হেমু গ্রামের বাসিন্দা ও সিলেট নগরের মেজরটিলা তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও হাদপাড়া গ্রামের বাসিন্দা রফিক আহমদ এবং শ্যামপুর গ্রামের বাসিন্দা রশিদ আহমদের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত রবিবার তারাবির নামাজের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাত ১২টার দিকে দুই গ্রামের বাসিন্দারা হরিপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল সকাল পর্যন্ত থেমে থেমে চলে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। এ সময় আশপাশের গ্রাম থেকে মুরব্বি ও পুলিশ সদস্যরা এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় সকালে স্থানীয় মাদ্রাসার একদল আলেম দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সবাই দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। এতে সালেহ আহমদ মাটিতে পড়ে গেলে হাদপাড়ার লোকজন তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মাদ্রাসাশিক্ষকের মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে বলে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন। তবে গত রাত থেকে হরিপুর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চলমান পরিস্থিতি শান্ত করতে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
জেলা পুলিশের (মিডিয়া) এএসপি লুৎফুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
