মালয়েশিয়া মিশনের আগে প্রীতি ম্যাচ

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১১:৫৪ পিএম

মালয়েশিয়ায় আগামী ৮ থেকে ১৪ জুন হবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয়পর্বের ‘ই’ গ্রুপের খেলা। যেখানে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে অংশ নেবে বাংলাদেশ, বাহরাইন ও তুর্কমেনিস্তান। ৮ জুন বাংলাদেশের অভিযান শুরু হবে বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১১ জুন জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। আর ১৪ জুন তারা শেষ ম্যাচটি খেলবে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। এই কঠিন মিশন শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়া নিয়ে আছে সংশয়। ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও গত মার্চে দুটি প্রীতি ম্যাচকেই হাভিয়ের কাবরেরার শিষ্যদের ঝালাই করে নেওয়ার শেষ সুযোগ হিসেবে বলেছিল। তবে ফিফা কংগ্রেসে অংশ নিয়ে দেশে ফিরে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দিয়েছেন ইতিবাচক বার্তা। কংগ্রেসে তিনি বেশ কিছু দেশের কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন যাতে মালয়েশিয়া অভিযানের আগে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা যায়।

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘জুনের ফিফা ফ্রেন্ডলির উইন্ডোতে আমরা চারটি ম্যাচ খেলার সুযোগ পাব। এর মধ্যে তিনটি নিশ্চিত হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের মাধ্যমে। আরেকটি চেষ্টা করছি মালয়েশিয়া যাওয়ার আগে খেলতে। এ নিয়ে আমরা অনেকটা কাজ করেছি। আমাদের ইচ্ছা দেশের মাটিতে একটি ম্যাচ খেলে মালয়েশিয়া যেতে। যদি তা না হয় তবে মালয়েশিয়ার যাওয়ার পথে কোনো দেশে ম্যাচটা খেলতে পারি। আশা করছি খুব শিগগিরই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত