দিনাজপুরের পার্বতীপুরে সমাজের সুবিধাবঞ্চিত গরিব, দুস্থ ও অসহায় ছিন্নমূল ৬শ’ মানুষকে রমজানের ইফতার করাল ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন।
গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশনের আর্থিক সহায়তায় পার্বতীপুর রেলস্টেশন জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এই ইফতারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইয়ংস্টার ক্লাবের সভাপতি, নাট্যজন ও সংগঠক আমজাদ হোসেন, ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার, সমাজকর্মী মাহতাব লিটন ও কাস্টমস অফিসার সাগর আহম্মেদ প্রমুখ।
এ সময় জননেতা আমজাদ হোসেন বলেন, নিজ বাসায় ইফতার করা বাদ দিয়ে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলাম। তাদের সঙ্গে ইফতার করতে পেরে আমার খুব ভালো লাগল। আমাকে পেয়ে তারাও অনেক খুশি হয়েছে। আমি মানুষের ভালোবাসা পেয়ে অনুপ্রাণিত।
ডু-নেশনের উদ্যোক্তা বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহসান জানান, মানুষের জন্যই তো মানুষ। ডু-নেশন ঢাকার পাশাপাশি পার্বতীপুর, রংপুরসহ বিভিন্ন এলাকায় এই ধরনের ছোট ছোট কার্যক্রম করে আসছে।
মূলত, আত্মীয়স্বজন ও বন্ধুদের আর্থিক সহায়তায় এই ধরনের কর্মসূচি চালু আছে। প্রথম রমজানে পার্বতীপুরে ৩শ’ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের ব্যবস্থা করা হয়।
