রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছেন চট্টগ্রাম চেম্বার নেতারা। এ-সময় তারা দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্য তালিকা ভোক্তা সাধারণের দৃষ্টির মধ্যে প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সব পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নির্দেশনা দেন।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে প্রতিনিধিদল গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মহানগরের কাজির দেউড়ী কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজার পরিদর্শন করেন। এ সময় চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও তানভীর মোস্তফা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রত্যেক দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্য তালিকা ভোক্তা সাধারণের দৃষ্টির মধ্যে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিছু কিছু দোকানে অসংগতি পরিলক্ষিত হয় যার পরিপ্রেক্ষিতে তাদের সতর্ক করা হয়েছে।
