সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ

মেডিকেলে সুযোগ ৩৯ শিক্ষার্থীর

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৬:০১ এএম

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মফস্বলে হলেও পাঠদান থেকে শুরু করে কলেজের অন্যান্য সব কার্যক্রম বড় শহরের নামকরা প্রতিষ্ঠানের মতোই। পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ফল করছেন কলেজের শিক্ষার্থীরা। চলতি বছরের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায়ও সেই সাফল্য ধরে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এবার কলেজটি থেকে ৩৯ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। 

করোনার দুঃসময়কে জয় করে এমন চমৎকার সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকরা। দীর্ঘ করোনাকালীন লেখাপড়ার দুরবস্থায় স্বাভাবিকভাবেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন অভিভাবকরা। অথচ সেই দুর্যোগ অতিক্রম করে বাবা-মায়ের স্বপ্নকে স্পর্শ করতে পেরেছে প্রিয় সন্তানরা।

কলেজসূত্র জানিয়েছে, ওই ৩৯ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, নীলফামারী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ, শের ই বাংলা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। 

সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সৈয়দপুর শহরের কাজিপাড়ার নুসরাত জাহান বলেন, করোনাকালে কলেজ অনেকদিন বন্ধ থাকায় মুঠোফোনে শিক্ষকরা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। অভিভাবক এস এম নুর ইসলাম বলেন, কলেজ থেকে আমাদের নানা রকম নির্দেশনা দেওয়া হতো। যার ফলে আমাদের সন্তানরা ভালো ফলাফল করছে।

কলেজটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, কলেজে পাঠদান চলে গ্রিন, ক্লিন, এনজয়েবল ক্লাসরুম লার্নিং পদ্ধতিতে। কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আমরা একধরনের সেতুবন্ধন তৈরি করি। ক্লাসরুমেই পাঠদান সম্পন্ন করা হয়। এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজনীয়তা মাথায় রাখা হয়। শিক্ষার্থীদের ওপরও বাড়তি কোনো চাপ রাখা হয় না। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো বোঝাপড়া আছে বলেই আমরা সফল হতে পেরেছি।

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অতীতে নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত