দ. আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট জয়ের জন্য খেলব: মুমিনুল

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৮:৩৭ পিএম

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো করে সফর সমাপ্ত করার ব্যাপারে আশাবাদী তার দল। তিনি আরও জানান, ডারবান টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে হতাশ হওয়া নিয়ে বেশি কিছু ভাবছেন না।

সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে চতুর্থদিন পর্যন্ত সমান-সমান লড়াই করেও হারে টাইগাররা। পঞ্চম ও শেষদিনে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। তবে সেই হতাশা ভুলে সামনের দিকে তাকাচ্ছেন মুমিনুল।

শুক্রবার থেকে শুরু হচ্ছে পোর্ট এলিজাবেথ টেস্ট। তার একদিন আগে মুমিনুল বলেন, ‘নিশ্চিতভাবে আমরা জেতার জন্য খেলব এবং চারপাশের আওয়াজে মনোযোগ না দিয়ে আমরা ১২-১৩ সেশন পর্যন্ত ভালো খেলার চেষ্টা করব। প্রথম টেস্টে যা ঘটেছে সে ব্যাপারে বেশি কিছু চিন্তা করছি না আমরা।’

শেষ টেস্টে একাদশে ফিরছেন তামিম ইকবাল। তবে চোটের কারণে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। ডারবান টেস্টে কাঁধে চোট পান তিনি। ২৭ বছর বয়সী পেসার না থাকায় একাদশে তার পরিবর্তে পেসার নাকি স্পিনার নেওয়া হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি জানান মুমিনুল।

টাইগারদের টেস্ট অধিনায়ক বলেন, ‘তাসকিনের জায়গায় পেসার নাকি স্পিনারকে খেলাব তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি আমরা। নিশ্চিতভাবে আমরা তাসকিনকে মিস করব। টেস্ট ক্রিকেটে ফেরার পর থেকে সে পারফর্ম করছে। একই সময়, তার পরিবর্তে একাদশ জায়গা পাওয়া ক্রিকেটারের এটি ভালো সুযোগ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত