হাওরে ফসল ঘরে নেয়া পর্যন্ত পাউবোর সব ছুটি বাতিল: উপমন্ত্রী

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০:৪১ পিএম

হাওরে ফসল তোলার আগ পর্যন্ত সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তার ছুটি বাতিল করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার রাতে জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন মন্ত্রী। 

এ সময় পানি সম্পদ উপমন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় একটি টিম করে দেয়া হবে, একেক উপজেলার প্রধানের মোবাইল নম্বরসহ উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, এসপি, জেলা প্রশাসন ও সাংবাদিকদের দিয়ে দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, আগামী এক মাস আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই।

মন্ত্রী হুঁশিয়ার করে বলেন, আমি যা শুনলাম তার তথ্য যদি সঠিক হয় তাহলে তাদের যে শাস্তি দেয়া দরকার দেব। এ বিষয়ে কোনো কার্পণ্য আমি করব না। হাওরের বাঁধ নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো.  ফজলুর রশিদ, পাউবোর উত্তর পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত