রান্নায় আমরা প্রায়ই ঘি ব্যবহার করে থাকি। ঘিয়ের খাদ্যগুণ অনেক। এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই, প্রোটিন, ক্যালশিয়াম ও ভিটামিন ডি। গরম রুটি ও ভাতে ঘি মেখে খাওয়ার অভ্যাস অনেকের রয়েছে। তবে এক্ষেত্রে আয়ুর্বেদ কিন্তু অন্য কথা বলে। আয়ুর্বেদের মতে, ঘি খেতে হবে খালি পেটে। তবেই শরীর থাকবে ভালো। বাড়বে শক্তি। ঘি ক্ষুদ্রান্ত্রের পুষ্টি উপাদান গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয়। এমনকি অন্ত্রের অ্যাসিডিক পিএইচ কমিয়ে দেয় ঘি। জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ঘি খেয়ে নিলে ঠিক কী কী উপকার মিলতে পারে
ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।
অন্ত্র পরিষ্কার হয়ে যায়।
পায়খানা ঠিক মতো হয়।
কোষ্ঠাকাঠিন্য দূর হতে পারে।
খিদে রাখে নিয়ন্ত্রণে। এমনকি খিদে কম পায়।
অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া পৌঁছে যাওয়ায় স্বাস্থ্য ভালো থাকে।
হাড় শক্ত করে। শরীরে মেলে শক্তি।
কতটা ঘি খেতে পারেন?
ঘি খেতে বলা মানেই কিন্তু কিলো কিলো ঘি খাওয়া নয়। আসলে ঘিয়ের মধ্যে প্রচুর ক্যালোরি থাকে। এক্ষেত্রে ১৪ গ্রাম দেশি ঘি খেলে শরীরে ১২৩ ক্যালোরি প্রবেশ করে। ঘি বেশি খেলে ওজন বেড়ে যায়। আর ওজন বাড়লে নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দিনে ১ থেকে ২ চামচের বেশি ঘি খাওয়া উচিত নয়।
