ঢাকার কেরানীগঞ্জে কার্ডধারীদের না দিয়ে রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। আটক করা হয়েছে পণ্যগুলো কেনা মুদি দোকানিকেও। উদ্ধার করা হয়েছে ২৭০ লিটার তেল, ৩০০ কেজি করে ডাল, ছোলা ও চিনি। তবে পালিয়ে গেছেন বাস্তা ইউনিয়নের টিসিবি ডিলার নেওয়াজ আলী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক ইউপি সদস্য জানান, বুধবার রাত ৯টার দিকে রুহিতপুর বাজারে সন্দেহের বশে একটি পিকআপ আটক করা হয়। পরে তাতে তল্লাশি চালিয়ে টিসিবির তেল, ডাল, ছোলা ও চিনি পাওয়া যায়। পিকআপচালক ও তার সহকারীকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে পণ্যভর্তি পিকআপসহ চালক আবদুল কাইয়ুম (৩৩) ও তার সহকারী আশ্রাফ আলীকে (৩০) আটক করে থানায় নিয়ে যায়। তবে মূল হোতা নেওয়াজ আলী পালিয়ে যায়। ওই ইউপি সদস্য জানান, টিসিবির পণ্য ক্রয়ের অপরাধে রুহিতপুর বাজারের মুদিদোকানি মো. এরশাদকেও আটক করেছে পুলিশ।
আটক পিকআপচালক আবদুল কাইয়ুম জানান, তারা বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকা থেকে নেওয়াজ আলীর কাছ থেকে ভাড়ায় রোহিতপুর বাজারে এরশাদের দোকানে মালগুলো পৌঁছে দিতে এসেছেন। এখানে এসে শুনছেন মালগুলো সরকারি পণ্য, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
