বিরোধী দল নির্মূলে মামলা, গ্রেপ্তার ও সাজা দিয়ে ক্ষমতাসীনরা মানবতাবিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে। ২০২৩ সালের নির্বাচনও যেন এককভাবে আগের মত করতে পারে সেই কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা।
মির্জা ফখরুল বলেন, গত কিছুদিন ধরে সরকার আগের চেহারা ধারণ করেছে। বিরোধী দলকে মাঠশূন্য করার চেষ্টায় লিপ্ত তারা।
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী শাসনামলে রাজনৈতিক দলগুলো নিরাপদ নয়। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
