রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বকুল সরদার (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তার বকুল উপজেলার বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বারপাড়ার মৃত বদরউদ্দিন সরদারের ছেলে। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে বকুল ওই ছাত্রীকে ফুসলিয়ে সিদ্দিক কাজীরপাড়া জামে মসজিদের পাশে সিদ্দিক কাজীর জমিতে প্লাস্টিকের বস্তার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি ভয়ে ওই ছাত্রী কাউকে জানায়নি। পরে প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরে গতকাল সকালে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় বকুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
