লাশ দেখতে যাওয়ার পথে নিজেরাই লাশ

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৬:৩৩ এএম

বরিশালের মেহেন্দীগঞ্জে ট্রলার ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে দরিচর খাজুরিয়া ইউনিয়নে গজারিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও তিনজন।

নিহতরা হলেন নাছরিন বেগম (২৫) ও তার মা মায়ানুর বেগম (৫৫)। তারা দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

নিহতদের স্বজন মাহেব হোসেন জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তার লাশ দেখতে যাওয়ার জন্য গতকাল সকালে মাহিনুর বেগম তার মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে বাড়ি থেকে বের হন। তারা দরিচর খাজুরিয়ার পশ্চিমপাড়ের একটি গ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন। গজারিয়া নদী পাড়ি দেওয়ার জন্য মাঝেরচর গ্রাম থেকে একটি কাঠের কাঠামোর ট্রলারে ওঠেন। ট্রলারটিতে ১১ জন যাত্রী ছিল। পথে সাড়ে ১০টার দিকে প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি যাত্রীসহ উল্টে যায়। এ সময় যাত্রীদের চিৎকার শুনে নদীতে অভিযানে থাকা কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে যায়। তারা কয়েকজনকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় মালা বেগম, ইয়ামিন ও রোহান নামে ট্রলারটির তিন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে সহযোগিতা করেছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনরা দাবি করেছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন। তাছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরাও অভিযানে যুক্ত হয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত