শ্রমিক ঠিক করা নিয়ে দ্বন্দ্ব দুই ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৬:৪৬ এএম

যশোরের চৌগাছা উপজেলায় প্রতিবেশী তিন ভাইয়ের হামলায় দুই ভাই খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মহেশপুর সড়কে খাঁপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রমিক ঠিক করা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দারবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর প্রতিনিধি জানান, চৌগাছায় নিহতরা হলেন মৃত আব্দুর রহমানের ছেলে আইয়ুব আলী খান (৬০) ও ইউনুস আলী খান (৫৫)। এ সময় মারাত্মক আহত হয়েছেন নিহত আইয়ুব হোসেনের ছেলে আসাদুজ্জামান খান রনি (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রমিক ঠিক করা নিয়ে ইউনুস আলীর সঙ্গে স্থানীয় দোকানি মুকুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্বজনরা ইউনুসকে মারধর করেন। ইউনুস বাড়ি ফিরে মারধরের কথা জানালে তার ভাই আইয়ুব আলী ও ভাতিজা আসাদুজ্জামান ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান। ওই সময় মুকুল, তার ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুস, আইয়ুব ও আসাদুজ্জামান খানকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস ও আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত আসাদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছেন, নিহত আইয়ুব আলীর ক্ষেত-খামারে কাজ করত হামলাকারীরা। ঘটনার দিনে ধান কাটা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন আইয়ুব আলী ও দিনমজুর বিপুল হোসেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। আটকরা হলেন বিপুল, মুকুল, বিপুলের স্ত্রী বিলকিস খাতুন এবং বিপুলের মা রিজিয়া বেগম।

ওসি জানান, যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো মামলা হয়নি।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন জান্দী গ্রামের ছলেমান শরীফ (৩৮) ও কামরুল মাতবর (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে স্থানীয় জামাল শেখের সঙ্গে কামরুল মাতুব্বরদের দীর্ঘদিন বিরোধ চলছিল। সেই ধারাবাকিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে পরিকল্পিতভাবে দুই ভাইকে খুন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, গ্রাম্য দলাদলিতে এ হত্যার ঘটনা ঘটেছে বলে মনে হয়। সকালে দুই যুবকের মরদেহ ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত