পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল নামে। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকেই তারা মসজিদে আসতে শুরু করেন। রমজানের প্রথম জুমায় খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। প্রচণ্ড রোদে নামাজ শেষে বেশিরভাগ মুসল্লি আশপাশের ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নেন। তবে রোদ উপেক্ষা করে দক্ষিণ গেটের খোলা আঙিনায় বসে মোনাজাতে অংশ নেন অনেকে। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।
যদিও গত দুই বছর রমজানে করোনার মহামারীর কারণে মুসল্লিরা সেভাবে একসঙ্গে জুমার নামাজ পড়তে পারেননি। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিধিনিষেধও তুলে নিয়েছে সরকার। তাই এবারের রমজানের প্রথম জুমায় ঢল নামে মুসল্লিদের।
গতকাল বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে মুসল্লিরা মসজিদে আসা শুরু করেন। ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককে বাইরেও নামাজ আদায় করতে দেখা গেছে। এছাড়া রাজধানীর গুলিস্তান, শাহবাগ, গুলশান, বনানী, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকাতেও দেখা গেছে মুসল্লিদের উপচেপড়া ভিড়। তীব্র রোদের মধ্যে অনেকেই রাস্তায় নামাজ আদায় করেছেন। বেশিরভাগ মসজিদে জুমার বয়ানে রমজানের ইবাদত, জাকাত নিয়ে আলোচনা করেন ইমাম-খতিবরা।
রাজধানীর বাড্ডা থেকে আসা মো. রহমান দেশ রূপান্তরকে বলেন, আজ (গতকাল) মসজিদের লোকজন অনেক। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে আমার আত্মীয়স্বজনদের যেন ভালো রাখেন ও গুনাহ মাফ করেন সেটাই প্রার্থনা করলাম। এছাড়াও দেশের মানুষ যেন ভালো থাকে এবং জিনিসের দাম বাড়ছে, দেশের অবস্থা ভালো নয়, মানুষ কষ্টে আছে। এ অবস্থা থেকে যেন মুক্তি মেলে, সেই দোয়াও করেছি।
