ক্রেডিট গ্যারান্টি সুবিধায় ঋণ বেড়েছে ৩৮%

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০:৫৯ পিএম

ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণের বিপরীতে দেওয়া ক্রেডিট গ্যারান্টি স্কিম (সিজিএস) দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২১ সাল শেষে ৩৬২টি আবেদনের বিপরীতে ৩৮ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ইস্যু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগের বছর (২০২০ সাল) ২৭৪টি আবেদনের বিপরীতে ২৯ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ইস্যু করা হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে আবেদন বেড়েছে ৮৮টি এবং গ্যারান্টি ইস্যুর বিপরীতে ঋণ বিতরণ বেড়েছে ৩৮ শতাংশ।

এদিকে, চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত ৯০টি আবেদনের বিপরীতে ৯ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ইস্যু হয়েছে। স্কিম চালুর শুরু থেকে এখন পর্যন্ত মোট ৭২৬টি আবেদনের বিপরীতে সর্বমোট ৭৭ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি ইস্যু হয়েছে। করোনায় অর্থনীতিতে সিএমএসই খাতে সৃষ্ট বিরূপ প্রভাব থেকে উত্তরণ এবং ঋণপ্রবাহ বৃদ্ধির লক্ষ্যে জামানতবিহীন ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ছোট উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের আওতায় ক্রেডিট গ্যারান্টি স্কিম ইউনিটের মাধ্যমে এ সুবিধা দেওয়া হয়। এ নিয়ে সিএমএসই উদ্যোগ খাতে ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম’ শীর্ষক একটি স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমে অংশগ্রহণকারী ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্রেডিট গ্যারান্টি সুবিধা পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত