মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। গতকাল শনিবার বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন তিনি। এছাড়া বাংলাদেশ পথনাটক পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর শাখা গতকাল পৃথক সমাবেশে হৃদয় মন্ডলের মুক্তির দাবি জানিয়েছে।
হৃদয় মণ্ডলের সঙ্গে যা হয়েছে তা ‘দুঃখজনক’ উল্লেখ করে ‘এমন অবস্থার’ নিরসনে ‘যা করণীয়’ সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গতকাল শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনোভাবেই যেন কেউ হয়রানির শিকার না হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে একজন শিক্ষকের বিরুদ্ধে যা করা হয়েছে তা দুঃখজনক। আমরা আমাদের পদ্ধতিতে বিষয়টি দেখছি। এই অবস্থাটি নিরসনে আমাদের দিক থেকে যা করণীয় সে চেষ্টাটি আমরা করব।’
‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ আয়োজিত সমাবেশে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘আমি ক্ষুব্ধ, অত্যন্ত ক্ষুব্ধ। সব সময় শুনে এসেছি, আমাদের দেশকে জ্ঞানভিত্তিক একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এর প্রথম কাজটি হলো স্কুল-কলেজে আমাদের ছেলেমেয়েদের সঠিকভাবে বিজ্ঞান শেখানো। সেই দায়িত্বটি পালন করার কারণে শিক্ষক হৃদয়
মণ্ডলকে এখন হাজতে বসে থাকতে হচ্ছে। এটি আমাদের দেশ, আমার বিশ্বাস হতে চায় না। এটা কীভাবে সম্ভব! একজন শিক্ষক তার দায়িত্ব পালন করছেন। একজন ছাত্র একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তিনি সেই প্রশ্নের সবচেয়ে যৌক্তিক উত্তর দিয়েছেন এবং সে জন্য তাকে গ্রেপ্তার করে হাজতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার দুঃখটা হলো যে বিজ্ঞান পড়াতে গিয়ে তিনি এভাবে নিগৃহীত হচ্ছেন, সেই বিজ্ঞান বইগুলো আমরা কয়েকজন মিলে লিখেছিলাম। আমি পদার্থ বিজ্ঞানের বইটি লিখেছিলাম এবং আমরা কয়েকজন বইগুলো সম্পাদনা করেছিলাম। সেই বই পড়াতে গিয়ে হৃদয় মণ্ডলের এই কষ্ট সহ্য করতে হচ্ছে।’
হৃদয় মণ্ডল বিজ্ঞানের মৌলিক কথাগুলোই বলছিলেন উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘যে কথাগুলো বলার জন্য, উচ্চারণ করার জন্য হৃদয় মণ্ডলকে হাজতে রাখা হয়েছে এবং জামিন দেওয়া হচ্ছে না। সেই কথাগুলো শুধু আমি না, পৃথিবীর সমস্ত বিজ্ঞানমনস্ক মানুষ বলে থাকেন, উচ্চারণ করে থাকেন। তাহলে এটা কেমন করে সম্ভব যে আমরা বাইরে ঘুরাফেরা করছি আর হৃদয় মণ্ডল জেলখানায় আছেন। আমরা কেন জেলাখানায় নেই? আমাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?’
হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে জাফর ইকবাল বলেন, ‘হৃদয় মণ্ডলের যে সম্মানহানি হয়েছে, আমি আশা করব তাকে আর যেন একটি দিনও জেলহাজতে না থাকতে হয়। তাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক।’
সমাবেশে আরও বক্তব্য দেন হৃদয় মন্ডলের স্ত্রী ববিতা হালদার, মানবাধিকারকর্মী খুশী কবির, নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের সমন্বয়ক রবিন আহসান, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল্লাহসহ অনেকে।
হৃদয় মন্ডলের স্ত্রী ববিতা হালদার বলেন, ‘দীর্ঘ ২১ বছর ধরে আমার স্বামী ওই স্কুলে শিক্ষকতা করেছেন। তাকে ফাঁসানো হয়েছে। বাচ্চাদের ফুসলিয়ে বয়ান রেকর্ড করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি চাই।’
এর আগে সকালে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। সমাবেশ থেকে হৃদয় চন্দ্র মন্ডলের মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের আহ্বান জানানো হয়। পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাট্যজন মোহাম্মদ বারী, ঝুনা চৌধুরী, মানজার চৌধুরী সুইট, চন্দন রেজা, রওনক হাসান, অনন্ত হীরা, রফিকুল ইসলাম ও এফ এম শাহিন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। সংহতি প্রকাশ করে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল ও অনিকেত রাজেশ। এছাড়া মিরপুর সাংস্কৃতিক জোট, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট, দনিয়া সাংস্কৃতিক জোট, আদি ঢাকা সাংস্কৃতিক জোট, নৃত্য শিল্পী সংস্থা ও চারুশিল্পী সংসদ সমাবেশে সংহতি জানায়।
অন্যদিকে যশোর প্রেস ক্লাবের সামনে গতকাল প্রতিবাদী মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা। মানববন্ধন থেকে হৃদয় চন্দ্র মন্ডলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে সসম্মানে তার মুক্তি দাবি এবং পরিকল্পিতভাবে ভিডিও ধারণ ও তাদের গডফাদারদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
গত ২২ মার্চ মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হৃদয় মণ্ডলকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন শরিফ অবমাননার অভিযোগের মামলায় পুলিশ আটক করে। পরদিন ২৩ মার্চ পুলিশ ওই শিক্ষককে আদালতে পাঠায়। ওইদিনই আদালত তাকে জেলহাজতে পাঠায়। গত ৪ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আজ রবিবার (১০ এপ্রিল) শুনানির দিন ধার্য করেছে।
বরিশালে বিক্ষোভ : এদিকে আমাদের বরিশাল প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের অশি^নী কুমার টাউন হলের নামনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, মুন্সীগঞ্জে বিজ্ঞান শিক্ষক হৃদয় ম-লের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদের দিয়ে তার বক্তব্য রেকর্ড করিয়ে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে তিনি কোনো অযৌক্তিক বা অবমাননাকর কথা বলেননি। তিনি শুধু বিজ্ঞান বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সাধারণ আলোচনাই করেছেন। নেতারা অবিলম্বে হৃদয় মন্ডলের মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলার সংগঠক বিজন শিকদারের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সদস্য লামিয়া সাইমুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহসভাপতি হাফিজুর রহমান রাকিব, বিজ্ঞান আন্দোলন মঞ্চ শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ প্রমুখ।
