দেশে বেসরকারিভাবে গড়ে ওঠা কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ (বেজা)। এর মাধ্যমে দেশের ১২তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে স্বীকৃতি পেল কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন কুমিল্লা ইকোনমিক জোনকে চূড়ান্তভাবে এ লাইসেন্স দেওয়া হলো।
গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এই লাইসেন্স দেওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অন্যান্যের মধ্যে সরকারের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন মেঘনা গ্রুপকে অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকার নিকটবর্তী স্থানে হওয়ায় কুমিল্লা ইকোনমিক জোন দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে। কুমিল্লা ইকোনমিক জোনে কমপক্ষে ৫০ শতাংশ জমি বিদেশি বিনিয়োগকারীদের দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
