তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ফখরুল

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৭:০১ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বিএনপি করেন না। তিনিও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না।’ গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানী বিরচিত ‘মাও সে-তুংয়ের দেশে’ বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিতর্ক প্রতিযোগিতার এক অনুষ্ঠানে আকবর আলি খান বলেন, ‘রাজনৈতিক সরকারের অধীন নির্বাচন হলে নির্বাহী বিভাগ ক্ষমতাসীনদের নির্দেশনার বাইরে যেতে পারে না, এমনকি তারা ভবিষ্যৎ সুবিধা নেওয়ার চিন্তা করে। তাই বাংলাদেশে বর্তমান অবস্থায় শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।’

তার এমন বক্তব্যের সূত্র ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে বিশ^াস করি। সেই নির্বাচনে যদি আমরা যেতে চাই তাহলে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দরকার হবে। পাকিস্তানে এত টালমাটাল অবস্থা। এরপরও সেখানে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের মুক্তির একটাই মাত্র পথ সামনে খোলা যে, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারও আগে যাদের অবদান আছে, তাদের স্মরণ করে, তাদের পথে গিয়ে আমাদের একটা বিপ্লব ঘটাতে হবে। সেটা চীনের মতো বিপ্লব হতে পারে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মওলানা ভাসানীকে আওয়ামী লীগ স্বীকার করে না। কারণ তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অথচ তারা মওলানা ভাসানীকে একবারের জন্যও স্বীকর করতে চায় না। মাওলানা ভাসানী বাংলাদেশের গরিব-দুঃখী-মেহনতি মানুষের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন।’ এ সময় মওলানা ভাসানীর অবদানকে স্মরণে রাখতে ‘মওলানা ভাসানী ফাউন্ডেশন’ করার প্রস্তাব করেন মির্জা ফখরুল।

বাংলাদেশ ন্যাশনালিস্ট কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সংগঠনটির সভাপতি নাহিদুল খান সাহেল, মহাসচিব হুমায়ুন কবির বেপারী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নজমূল হক নান্নু, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, সাংবাদিক এলাহী নেওয়াজ খান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত