ভবিষ্যতে রুশ আগ্রাসন মোকাবিলায় নিজেদের সীমান্ত এলাকায় স্থায়ী সামরিক উপস্থিতি বসানোর পরিকল্পনা করছে ন্যাটো। জোটের মহাসচিব জেন্স স্টেলটোনবার্গের বরাতে এ খবর জানিয়েছে টেলিগ্রাম। তিনি বলেন, আমরা এখন যা দেখতে পাচ্ছি তা হলো নতুন বাস্তবতা, ইউরোপের নিরাপত্তার জন্য একটি নতুন বিষয়। এ নিয়ে আমাদের সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে সম্প্রতি স্টেলটোনবার্গ নিজেই জানান, জোটের প্রধান হিসেবে তার মেয়াদ এক বছর বাড়ানো হতে পারে।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে সতর্কতার অংশ হিসেবে পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ন্যাটো। রুশ হুমকি মোকাবিলায় জোটভুক্ত দেশগুলোর সীমান্ত এলাকায় এমন পদক্ষেপ নিয়েছে ন্যাটো। বিশেষ করে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে ১০ হাজারের মতো যুক্তরাষ্ট্র সেনার উপস্থিতি রয়েছে।
সম্প্রতি ইউরোপের আরও একটি দেশ স্লোভাকিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পর ন্যাটোর এমন পদক্ষেপ ইউক্রেন যুদ্ধে নতুন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।
রাশিয়ার পক্ষ থেকে অবশ্য এখনো ন্যাটোর এমন সিদ্ধান্ত নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
