দেশে হাজারে ৩ জন পারকিনসন্স রোগে আক্রান্ত: শারফুদ্দিন আহমদ

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৩:২৮ পিএম

বাংলাদেশে প্রতি ১ হাজার লোকের মধ্যে ৩ জন পারকিনসন্স রোগে আক্রান্ত হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শারফুদ্দিন আহমদ।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষে দিবসটির উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ‘পারকিনসন্স রোগ: রোগীদের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী’ বইয়ের মোড়ক উন্মোচন ও সচেতনামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

উপাচার্য বলেন, পারকিনসন্স রোগকে অবহেলা করা যাবে না। ষাটোর্ধ্ব মানুষের পারকিনসন্স রোগ হতে পারে। তাদের নিয়মিত শারিরীক ব্যায়াম, ডায়েট কন্ট্রোল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই সঙ্গে কাঁপুনি হওয়ার সাথে সাথেই নিউরোলজিস্টদের সাথে যোগাযোগ করে চিকিৎসাসেবা নিতে হবে।

এ সময় উপাচার্য পারকিনসন্স রোগে আক্রান্তদের বিএসএমএমইউয়ে এসে চিকিৎসা নেয়ার আহ্বান জানান।

উপাচার্য আরও বলেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের ফলে স্বাস্থ্যসূচকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। আগে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর। এখন গড় আয়ু প্রায় ৭৩ বছর।

তিনি বলেন, নিউরোলজিক্যাল রোগীদের সেবার জন্য আমরা ইতোমধ্যে স্ট্রোক সেন্টার চালু করেছি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. হাসান জাহিদুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল, সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশী এবং সাধারণ সম্পাদক বিএসএমএমইউ নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত