গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১২:২০ এএম

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) উদ্যোগে গঠিত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড স্বাক্ষর হয়েছে। গতকাল সোমবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে সিএমএসএফের সঙ্গে আইসিবি এএমসিএলের সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়েছে।

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা হলো সিএমএসএফ এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩১ মার্চ সিএমএসএফ ফান্ডের ট্রাস্ট ডিড এবং বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তির বিষয়ে এসইসির অনুমোদন পেয়েছে। এ ফান্ডের আকার ১০০ কোটি টাকা, যার ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। সিএমএসএফ উদ্যোক্তা হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে, যা মোট বিনিয়োগের ৫০ শতাংশ।

বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে গঠিত এ ফান্ডটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে বলে জানান সিএমএসএফ ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, এ তহবিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে এবং মিউচুয়াল ফান্ডের রোলমডেল হিসেবে কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত