নরসিংদীর শিবপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঈম (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সামনে কলেজ গেট মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম শেখ রাসেল শিশুকিশোর স্মৃতি সংসদের শিবপুর পৌরসভা শাখার সভাপতি ছিলেন। তার ওপর হামলার
সময় সঙ্গে থাকা টুটুল নামে আরও এক তরুণ আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নাঈম ধানুয়া এলাকার শাজাহান মিয়ার ছেলে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন শিবপুর উপজেলা শহরের ডাকবাংলো এলাকায়। আর আহত টুটুল পৌর এলাকার হাশিম মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঈমের নেতৃত্বাধীন কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে ধানুয়া গ্রামের আলী গ্রুপের সদস্যদের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে কিশোর গ্যাংয়ের এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে নাঈমদের ইফতার কর্মসূচি ছিল। ইফতারের আগে নাঈম ও তার সমর্থকরা আলীকে ধাওয়া দেন। এর জেরে আলী ও তার সমর্থকরা নাঈমকে খুঁজতে শহীদ আসাদ কলেজ গেট এলাকায় অবস্থান নেয়। ঈফতার শেষে বাড়ি ফেরার জন্য স্কুল থেকে বের হতেই আলীর নেতৃত্বে তার ৩০ থেকে ৪০ জন সমর্থক নাঈমকে ঘিরে ধরে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় নাঈমের সঙ্গে থাকা টুটুল বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ সময় শোরগোল শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা হামলার শিকার দুজনকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় টুটুলকে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের বন্ধু মেহেদী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ইফতার শেষে বাড়ি ফেরার পথে আলী ও তার সমর্থকরা আমাদের ওপর দুই দিক থেকে হামলা করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। কুপিয়ে নাঈমের সারা শরীর ক্ষতবিক্ষত করে। তাকে বাঁচাত গিয়ে আমাদের আরেক বন্ধু আহত হয়েছে। আলীর জন্য আমরা এলাকায় বের হতে পারি না। কয়েক দিন আগে আমার ওপর ও হামলা করেছে। আমরা অবিলম্বে আলীসহ দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘এলাকায় আধিপত্য নিয়ে একটি হত্যাকা- সংঘটিত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।’
