২৫০০ ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদাবাজি

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৬:৫৪ এএম

দেশি-বিদেশি প্রায় আড়াই হাজার ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদাবাজির অভিযোগে মো. লিটন ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এক ভুক্তভোগীর মামলায় গত রবিবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার এনায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একটি সিপিইউ, দুটি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড জব্দ এবং আইডিগুলোতে প্রবেশের প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ এসব তথ্য জানান।

তিনি জানান, লিটন অনলাইনে ফিশিং লিংক তৈরি, তাতে ছবি ও ভিডিও দিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে শেয়ার করে। এ লিংকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করলেই গোপনীয় তথ্য হ্যাকারের হাতে চলে আসে। এরপর ওই আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণ নেয়। এরপর ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করে লিটন টার্গেট ব্যক্তিকে পাঠিয়ে টাকা দাবি করত। কেউ টাকা দিতে রাজি না হলে স্পর্শকাতর সব তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত।

এমনই ভুক্তভোগী আনোয়ার হোসেন ডিএমপির কদমতলী থানায় গত ২৩ জানুয়ারি মামলা করেন। তিনি দেশ রূপান্তরকে জানান, তার ফেইসবুক আইডি হ্যাক করে ৩০ হাজার টাকা দাবি করা হয়েছিল।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, ফেইসবুক আইডি হ্যাক করার পর মালিককে নানা ভয়ভীতি দেখানো হতো। আপত্তিকর বিষয় পোস্ট করে রাষ্ট্রদ্রোহী, জঙ্গি ও নাস্তিক বানানোর হুমকি দিয়ে টাকা দাবি করত লিটন।

এ ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষার বিষয়ে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘সাইবার স্পেসে অপরিচিত আইডি থেকে পাঠানো কোনো লিংকে প্রবেশ না করা, অপরিচিত আইডির সঙ্গে বন্ধুত্ব না করা, যথাযথ সিকিউরিটি সেটিংস ব্যবহার করা, স্পর্শকাতর তথ্য, ছবি-ভিডিও শেয়ার না দেওয়া এবং কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করলে এ ঝুঁকি থাকে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত