ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৬:৫৮ এএম

আগামী ২ মে পবিত্র ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত এবার ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিটি বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। আর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে গতকাল সোমবার রেল ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে এ নিয়ে রেলের কর্মকর্তারা কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম সাংবাদিকদের জানান, রেলমন্ত্রীর নেতৃত্বে ঈদে অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে বৈঠক হয়েছে। বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।

বৈঠক সূত্র জানায়, ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল বিক্রি হবে ১ মের টিকিট। এ সময়ে অনলাইনে সকাল ৬টা থেকে ও কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেই টিকিট বিক্রি শুরু হবে ১ মে। তবে রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।

২০২০ সালে করোনা মহামারী শুরুর পর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতও কমে যায়। এবার করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, এবার ঘরমুখী মানুষের স্রোত বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত