বিশ্ব পারকিনসনস দিবস পালিত

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৭:০৫ এএম

দেশে প্রতি এক হাজার মানুষের মধ্যে তিনজন পারকিনসনস রোগে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, ষাটোর্ধ্ব মানুষের পারকিনসনসের ঝুঁকি বেশি। এ ধরনের রোগীরা যদি হেলা করে বেশি করে সিগারেট খায়, তবে এটির পরিমাণ আরও বেড়ে যাবে। তাই ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়মিত ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব পারকিনসনস দিবস উপলক্ষে আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নিউরোলজিক্যাল রোগীদের সেবার জন্য আমরা ইতিমধ্যে স্ট্রোক সেন্টার চালু করেছি। যেটি বাংলাদেশে আর কোথাও নেই। যদি স্ট্রোক আক্রান্ত রোগীরা সঠিক সময়ে এ সেন্টারে আসে, তবে তাদের জীবন রক্ষা করতে পারব। স্ট্রোক আক্রান্ত রোগীদের সেবায় ভবিষ্যতে এয়ার অ্যাম্বুলেন্স চালু করার জন্য আমরা পরিকল্পনা করছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. হাসান জাহিদুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশী এবং সাধারণ সম্পাদক বিএসএমএমইউ নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত