সাভারে বকেয়া বেতন, বোনাস ও ছুটিসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার সকালে সাভারের শ্যামপুর এলাকায় ‘দীপ্ত অ্যাপারেলস লিমিটেডের’ সহস্রাধিক শ্রমিক কারখানাটির মূল ফটকে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, গত মার্চ মাসের বেতন তারা এখনো পাননি, এছাড়াও বোনাসের টাকা, ছুটি, টিফিন বিলের টাকা প্রায়ই দেরিতে পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঢাকা শিল্প পুলিশের উপপরিদর্শক মো. কোরবান আলী বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, আজকের মধ্যে বেতন পরিশোধ করে দেবেন তারা। বাকি দাবিগুলো সময় নিয়ে সমাধান করা হবে।’
