৮ জেলায় শিল্পকলা একাডেমির নতুন ভবন উদ্বোধন

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০২:১১ এএম

দেশের ৮টি জেলায় শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন। গতকাল বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে ভবনগুলোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আট জেলার জেলা প্রশাসকের সভাকক্ষে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। অনুষ্ঠানে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমবেত নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনার সূচনা হয়। পরে একাডেমির শিশুদলের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশনা, ঐতিহ্যবাহী ধামাইল গানের সঙ্গে নৃত্য পরিবেশনা, নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ‘সোহাগ চাঁদ বদনী’ শিরোনামে লোকনৃত্য এবং বাউলসংগীত নিয়ে নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘সহজ মানুষ’ পরিবেশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত