বৈশাখী উপহার নিয়ে হাজির সিয়াম-পূজা

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০১:৩১ পিএম

পহেলা বৈশাখে উপহার নিয়ে হাজির হলেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরি। ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘শান’ ছবির 'চলো পাখি হই' শিরোনামের গানটি নিয়ে হাজির হলেন তারা। যদিও গানটির আংশিক প্রকাশিত হয় আগে এবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ করা হলো পুরো গানটি। প্রসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটি গেয়েছেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছল।

‘শান’ ছবির পরিচালক এম রাহিম জানালেন গানটি মূলত ‘শান’ এর পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার। পরিচালক আরও জানালেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যেকোনো বড় কনটেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যার সময় প্রকাশ পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই নববর্ষের দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেয়া।

ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল ’শান’।  এবার দর্শকদেরই সেই আগ্রহ মিটাতে ঈদে আসছে ছবিটি।

ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন  ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

ছবিটিতে পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’ এবং বলিউডের হেইট স্টোরি ২-৩-৪, ডিয়ার জিন্দেগি, এম এস ধোনি, হামারি আধুরি কাহানি, আশিকি ২, অগ্নিপথ, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইসহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত