পাল্টাপাল্টি মামলার শুনানি শুরু

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১১:২৫ পিএম

হলিউডের সাবেক তারকা দম্পতি আম্বার হার্ড ও জনি ডেপের পাল্টাপাল্টি মামলার শুনানি শুরু হয়েছে গত মঙ্গলবার। শুনানির দিন আদালতের বাইরে ন্যায়বিচারের দাবিতে ভিড় করেন ভক্তরা, যাদের বেশিরভাগই জনির পক্ষে। অনেকেই বহুদূর থেকে সেখানে এসেছিলেন। শুনানি চলবে ছয় থেকে সাত সপ্তাহ। এ শুনানি সরাসরি সম্প্রচার করা হবে এবং এতে সাক্ষী হিসেবে থাকবেন বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তি। হার্ডের পক্ষে থাকবেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও স্পাইডারম্যান ছবির অন্যতম অভিনেতা জেমস ফ্র্যাঙ্কো। ব্রিটিশ অভিনেতা পল বেটানি দাঁড়াবেন বন্ধু জনির পক্ষে। মাত্র ১৫ মাস সংসার করে ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন আম্বার। তার অভিযোগ ছিল জনি তাকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করেছেন। ডেপ সেসব অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৮ সালে সেই নির্যাতনের ঘটনা নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি উপ-সম্পাদকীয় লেখেন আম্বার। সেখানে পাবলিক ফিগার হয়েও নিজেকে স্বামীর নির্যাতনের শিকার বলে দাবি করেন হার্ড। যদিও সেখানে সাবেক স্বামীর নাম উল্লেখ করেননি। তবু লেখাটির কারণে জনির ক্যারিয়ারে ক্ষতি হয়েছে দাবি করে হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন। পরে আম্বার উল্টো ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত