রোনালদোর হ্যাটট্রিকের ‘ফিফটি’, জয়ে ফিরল ইউনাইটেড

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০:০০ পিএম

কতবার ম্যানচেস্টার ইউনাইটেডকে রক্ষা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো? সেই হিসেবটা করতে বসতেই পারেন। তার সঙ্গে যোগ করতে পারেন, দুঃসময়ে নরউইচ সিটির বিপক্ষে জয়ও।

রোনালদোর মাইলফলক গড়া হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তলানির দল নরউইচের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রেড ডেভিলরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ পর জয়ে ফিরল রাল্ফ রাংনিকের দল। সেই সঙ্গে পয়েন্ট তালিকার সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার আশাটাও বাঁচিয়ে রাখল ইউনাইটেড।

৭৬তম মিনিটে ৩০ গজ দূর থেকে ট্রেডমার্ক ফ্রি-কিকে দলের জয়সূচক গোলটি করেন রোনালদো। তার আগে ম্যাচটি সমতায় ছিল ২-২ গোলে। ম্যাচের সপ্তম মিনিটে অ্যান্থনি এলেঙ্গার অ্যাসিস্টে জাল খুঁজে নেন সিআর সেভেন।

৩২তম মিনিটে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। তবে বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় নরউইচ। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে গোলটি করেন কাইরেন ডোয়েল। ৫২তম মিনিটে টিমু পুক্কির গোলে সমতায় ফেরে ম্যাচ জমিয়ে দেয় নরউইচ।

এরপর ফের জ্বলে উঠেন রোনালদো। দুর্দান্ত ফ্রি-কিকে ইউনাইটেডকে এনে দিলেন স্বস্তির জয়। এ নিয়ে ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে ২১ গোল করলেন পর্তুগিজ উইঙ্গার। ক্লাব ক্যারিয়ারে রোনালদোর এটি ৫০তম হ্যাটট্রিক।

এই জয়ে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে উঠে এলো ইউনাইটেড। পয়েন্ট সমান হলেও রেড ডেভিলদের জায়গা ছেড়ে দিয়ে ছয়ে নেমে গেছে আর্সেনাল। গানাররা ১-০ গোলে হেরেছে সাউদাম্পটনের মাঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত