টানা মন্দায় শেয়ারের দরহ্রাসের সীমা কমিয়ে আনার পরও গত সপ্তাহে তিন কার্যদিবসের পতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি কমেছে। বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে কমেছে সব ধরনের মূল্যসূচকও। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বুধবার শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ২৪ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি টাকা।
বাজার মূলধন কমার পাশাপাশি গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর কমেছে। রমজান মাসে ব্যক্তি বিনিয়োগকারীদের নগদ অর্থের চাহিদা বাড়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার কারণে বিক্রি চাপ বেড়েছে। এতে করে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মাত্র ৭৬টি সিকিউরিটিজের দর বাড়লেও কমেছে ২৮০টির। আর ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১১৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ। সূচক কমে যাওয়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ৯১ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬০৭ কোটি ৮৫ লাখ টাকা।
