ইংল্যান্ডে ফেরার পর দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পর্তুগিজ উইঙ্গারের একক নৈপুণ্যে প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।
রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকে তলানির দল নরউইচ সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে রেড ডেভিলরা। এই জয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে রাল্ফ রাংনিকের দল। সেই সঙ্গে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার আশাও বাঁচিয়ে রাখল ইউনাইটেড।
এ নিয়ে ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক পেলেন রোনালদো। আর রেড ডেভিলদের জার্সিতে তৃতীয়। ইউনাইটেডের হয়ে তার আগের হ্যাটট্রিকটি ছিল গত ১২ মার্চ, টটেনহামের বিপক্ষে।
ইউনাইটেড ছাড়াও রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ এবং জুভেন্টাসের হয়ে ৩টি হ্যাটট্রিক করেছেন ৩৭ বছর বয়সী তারকা। পর্তুগালের হয়ে করেছেন ১০ হ্যাটট্রিক। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক রোনালদোর।
৫৪ হ্যাটট্রিক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তার নিকট প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ২৯ হ্যাটট্রিক নিয়ে তিনে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদভস্কি। চারে থাকা লুইস সুয়ারেসের হ্যাটট্রিক ২১টি। ১৮ হ্যাটট্রিক নিয়ে পাঁচে টটেনহামের হ্যারি কেন। ফুটবল ইতিহাসে কেবল রোনালদো ও মেসি ৫০ উর্ধ্ব হ্যাটট্রিক করেছন।
