দাপুটে জয়ে শীর্ষস্থান আরও শক্ত করল বায়ার্ন

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৯:৪৯ পিএম

বুন্দেসলিগায় দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অবনমন অঞ্চলে থাকা আর্মিনিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

ম্যাচের ১০ম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ড্যানিশ ডিফেন্ডার জ্যাকব ব্যারেট লারসেনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্মিনিয়া। এরপর প্রথমার্ধের সঙ্গে যোগ করা সপ্তম মিনিটে বাভারিয়ানদের ব্যবধান দ্বিগুণ করেন সের্গে নাব্রি।

বায়ার্ন তাদের শেষ গোলটি পায় ৮৪তম মিনিটে। রবার্ট লেভানদভস্কির অ্যাসিস্টে জাল খুঁজে নেন জামাল মুসিয়ালা।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ফিরতি লেগে ভিয়ারিয়ালের হাতে স্বপ্ন ভঙ্গের পর এবারই প্রথম মাঠে নামল বায়ার্ন।

এই জয়ে চলতি মৌসুমের বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করল গত ৯ আসরের চ্যাম্পিয়নরা। ৩০ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭২। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের ব্যবধান ৯ পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত