ভাগ্য ভালো ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেসের। বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন পর্তুগিজ মিডফিল্ডার।
সোমবার দুর্ঘটনার কবলে পড়ে ব্রুনোর গাড়ি পোর্শা। তবে মারাত্মক চোট এড়িয়েছেন তিনি। এমনটাই জানিয়েছে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম।
প্রেস অ্যাসোসিয়েশনের প্রধান ফুটবল লেখক সাইমন পিচ জানান, দুর্ঘটনার কবলে পড়লেও আহত হননি ফার্নান্দেস।
আশা করা হচ্ছে, গাড়ি দুর্ঘটনা সত্ত্বেও সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারবেন ব্রুনো। আগামী মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড।
হাই-ভোল্টেজ ম্যাচটির আগে দুর্ঘটনার কবলে পড়লেন ব্রুনো। তবে অলরেডদের বিপক্ষে খেলতে পারেন তিনি। প্রিমিয়ার লিগে রেড ডেভিলরা এখন লড়াই করছে তালিকার শীর্ষ চারে থাকার।
