রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরবে কিংবা জয় করবে করিম বেনজেমার গোলে। এটি এখন নিয়মিত চিত্র লস ব্ল্যাঙ্কোসদের। চ্যাম্পিয়নস লিগে পিএসজি এবং চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে একাই জিতিয়েছিলেন বেনজেমা। চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগে ম্যাচ হারলেও গুরুত্বপূর্ণ গোল করে বেনজেমা রিয়ালকে তুলে নেন সেমিফাইনালে। গত নভেম্বরে সেভিয়ার বিপক্ষে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও বেনজেমার গোলে জিতেছিল তারা। লা লিগায় রবিবার রাতে এমনই আরেকটি ফেরার গল্প লিখলেন বেনজেমা। সেভিয়ার বিপক্ষে এক পর্যায়ে ০-২ গোলে পিছিয়ে পড়া দলের হয়ে ইনজুরি টাইমে জয়সূচক গোল করে শিরোপা পুনরুদ্ধারের পথে বড় বাধা পেরিয়েছেন তিনি। এই জয়ে বার্সেলোনা ও সেভিয়ার চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। তাদের বাকি ৬ ম্যাচ। ২ ম্যাচ কম খেলা বার্সা গতকাল ৩১তম ম্যাচ খেলেছে কাদিজের সঙ্গে। তবে রিয়াল কোচ আনচেলত্তি সেভিয়াকে হারানো শিরোপা জয়ের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। সেভিয়ার মাঠে ২১ মিনিটে ফ্রি-কিক থেকে ইভান রাকিতিচ এবং ২৫ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এরিক লামেলা। তবে দুটি ভুলের পরও ছেলেরা হাল ছেড়ে দেয়নি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। দুই বদলি খেলোয়াড় রদ্রিগো ও নাচো ফার্নান্দেজ সমতায় ফেরান দলকে। রদ্রিগোর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রদ্রিগোর পাস থেকে বল পেয়ে মার্কারকে কাটিয়ে ডান পায়ের বুলেট শটে এবারের লিগে তার ২৫তম গোলটি করেন বেনজেমা।
এদিকে লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল পিএসজি। ফ্রেঞ্চ লিগের লা ক্লাসিকোতে নেইমার ও এমবাপের গোলে মার্শেইকে ২-১ গোলে হারানোয় ৩২ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭৪ পয়েন্ট। তাদের ম্যাচ বাকি আর ছয়টি। কাল অজিয়ারকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।
