চাঁদের গাড়িতে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৬:৪৩ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী, পুলিশ সদস্য, পরিবহনশ্রমিক, গরু ব্যবসায়ীসহ আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত খাগড়াছড়ি, সাতক্ষীরা, দিনাজপুর, লক্ষ্মীপুর ও ঢাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল খাগড়াছড়িতে জিপ গাড়ির (চাঁদের গাড়ি) চাপায় নিহত হয়েছে দুই স্কুলছাত্র। সাতক্ষীরায় পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে দুই গরু ব্যবসায়ীর। ঢাকায় পৃথক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য ও এক চালক নিহত হয়েছেন। দিনাজপুর ও লক্ষ্মীপুরে নিহত হয়েছেন আরও দুজন। এসব দুর্ঘটনায় আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত:

খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, মানিকছড়ি উপজেলার সুইজাই কার্বারিপাড়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো হাতিমুড়া এলাকার হ্যাংল্লা মারমার ছেলে উগ্যজাই মারমা (১২) ও ডেপুয়াপাড়া এলাকার মৃত চাউথোই মারমার ছেলে রাজু মারমা (১৫)। উগ্যজাই মারমা হাতিমুড়া জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির এবং রাজু মারমা উপজেলা সদরের কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সুইজাই কার্বারিপাড়া এলাকায় আনারসবোঝাই একটি জিপ গাড়ি উঁচু টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে এলে পেছনে থাকা দুই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমাকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সাতক্ষীরা-খুলনা হাইওয়ের তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটার পরে সোমবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

হাইওয়ে পুলিশের চুকনগর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি গ্রামের লাল্টু সরদার (২৮) সোমবার সকালে পিকআপে চড়ে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে। তাদের বহনকারী পিকআপটি কুমিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বালির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পাওয়াসহ গুরুতর আহত হন তারা।

লক্ষ্মীপুরে একটি মালবাহী পিকআপচাপায় মো. ফয়সাল (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন ফয়সালের বন্ধু আরমান। গতকাল সকাল ১০টায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের খেজুরগাছতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের কালা মিয়ার ছেলে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মমিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহত আরমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুরের বিরল উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। রবিবার রাত ৯টায় বিরল উপজেলার কাঞ্চন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ইজিবাইকচালক দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের নাহিতুড় গ্রামের মৃত আবু বক্করের ছেলে আব্দুর রহমান (৪৫) নিহত হন। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর রামপুরা বনশ্রীতে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় কংক্রিট মিকশ্চার মেশিনের গাড়িচালকের মৃত্যু হয়েছে। নিহত নূর আলমের (৪৫) বাড়ি বাগেরহাটের শরণখোলায়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢাকা-মাওয়া রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম রনি (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সাভার মডেল থানায় কর্মরত ছিলেন। গত রবিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসকেরা রাত ২টায় মৃত ঘোষণা করেন।

জাহিদুলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। বাবার নাম মৃত মো. জসিম উদ্দিন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সাভার থানার পাশেই থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত