পাকিস্তান সংকট

আগাম নির্বাচন চায় শাহবাজ জোট শরিকরা

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৬:৪৫ এএম

ইমরান খানকে উৎখাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। নির্বাচিত হওয়ার পর তার প্রথম কাজ ছিল মন্ত্রিসভা গঠন। কিন্তু এক সপ্তাহ অতিক্রম হলেও এখনো শাহবাজ শরিফ মন্ত্রিসভা গঠন করতে পারেননি। কারণ হিসেবে বলা হচ্ছে, জোটসঙ্গীদের ভেতরকার অনৈক্য। কাকে কোন পদে বসানো হবে, এ নিয়ে এখনো সুরাহায় পৌঁছাতে পারেনি জোটসঙ্গীরা।

গত শনিবার রাতে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গতকাল সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা না হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি পদ পূরণ করে মন্ত্রিসভার ঘোষণা হতে পারে। কিন্তু গতকাল সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রিসভা গঠনের কোনো সংবাদ পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে ‘মতবিরোধের’ কারণে জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সরকারের অংশ হিসেবে থাকবে কি না সেটি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত রবিবার তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে তার প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন। দ্য ডন বলছে, পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মরিয়ম আওরঙ্গজেব। রবিবার তিনি জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন।’ তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪টি মন্ত্রণালয় পাবে। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাবে ১১টি মন্ত্রণালয়। তিনি দাবি করেন, জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)-সহ জোটভুক্ত সব দলকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করছেন মরিয়ম আওরঙ্গজেব। তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, আইন ও বিচার, রেলওয়ে, তথ্য, জ্বালানি, পরিকল্পনা ও যোগাযোগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় থাকবে পিএমএল-এন-এর অধীনে। বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ বলেন, নতুন মন্ত্রিসভায় জোটের প্রায় সব দলকেই রাখা হবে বলে জোটভুক্ত দলগুলোর একটি যৌথ কমিটি চূড়ান্ত করেছে। তিনি বলেন, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছে পাকিস্তান পিপলস পার্টি। তবে শাহবাজ শরিফের অধীনে এই মন্ত্রিসভায় বিলাওয়াল যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রসঙ্গত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হিনা খড় রাব্বানির নাম শোনা যাচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে।

এদিকে, মন্ত্রিসভা গঠনে জটিলতার মধ্যেই শাহবাজ শরিফের অন্যতম জোটসঙ্গী জেইউআই-এফ এবং পিএমএল-এন জোর দাবি জানিয়েছে আগাম নির্বাচনের। জেইউআই-এফ প্রধান মওলানা ফজলুর রেহমান ও খাজা মুহাম্মদ আসিফ অবিলম্বে দেশে আগাম নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল জাতীয় পরিষদের অধিবেশনে খাজা মুহাম্মদ আসিফ বলেন, ‘আমার মতে, আমাদের যত দ্রুত সম্ভব নির্বাচনে যাওয়া উচিত।’

এদিকে পাকিস্তানে অর্থনৈতিক সংকট ক্রমশ বাড়ছে। নগদ অর্থ-সংকটে জর্জরিত পাকিস্তান বিদ্যুৎকেন্দ্রের জন্য বিদেশ থেকে কয়লা অথবা প্রাকৃতিক গ্যাস কিনতে না পারায় বাসাবাড়ি এবং শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ঘাটতি বেড়ে যাওয়ায় গত মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং কয়লার দাম রেকর্ডে বেড়ে যায়। যে কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটিকে বৈশ্বিক বাজার থেকে জ্বালানি সংগ্রহের জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে। এক বছর আগের তুলনায় গত ৯ মাসের মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে জ্বালানির ব্যয় দ্বিগুণ বেড়ে ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বিদেশ থেকে জ্বালানি আমদানির ব্যয় বহনের সক্ষমতাও হারিয়েছে দেশটি। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এক টুইটে বলেছেন, জ্বালানি সংকটের কারণে গত ১৩ এপ্রিল পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনের অপর একটি কেন্দ্রও বন্ধ রয়েছে। করাচির বৈদ্যুতিক গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেডের প্রধান তাহির আব্বাসের মতে, দেশটির বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতার প্রায় এক-পঞ্চমাংশের সমান বিদ্যুৎ উৎপাদন হতো ওই দুই কেন্দ্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত