সাংবাদিকরা জাতিকে এগিয়ে নেবে : তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৭:০৩ এএম

দেশের সাফল্য তুলে ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জাতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকরা তাদের লেখনীর মধ্য দিয়ে সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে পারে। সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে, দায়িত্বশীলদের আরও দায়িত্ববান করতে পারে। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তরকালে দেশ গঠনেও সাংবাদিকরা অসামান্য ভূমিকা রেখেছে।’

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা (চবিসাফ) আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার ক্রান্তিকাল পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশে^ যে অস্থিরতা বিরাজ করছে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশেও নানাভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এর মধ্যেও সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় বাংলাদেশে ২০২১ সালে দারিদ্র্য ০.৬ শতাংশ কমেছে। দারিদ্র্য যেখানে আগে ১২.৫ শতাংশ ছিল, সেটি এখন ১১.৯ শতাংশে দাঁড়িয়েছে। এবং করোনা মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক এত যাচাই-বাছাই করে রিপোর্ট করে, তারপরও তারা যে আমাদের প্রশংসা করেছে, বিশে^র অস্থিরতার মধ্যেও বাংলাদেশ যে অকল্পনীয় প্রবৃদ্ধি অর্জন করছে এবং ক্রমাগতভাবে দারিদ্র্য হার কমছেএ বিষয়গুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানাই। কারণ সাফল্যের চিত্র আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায় আর স্বপ্নহীন মানুষ যেমন এগোতে পারে না, স্বপ্নহীন জাতিও এগোতে পারে না। সরকারের সমালোচনা থাকবে, কিন্তু পাশাপাশি জাতিকে এগিয়ে নিতে সাফল্যের চিত্রও তুলে ধরতে হবে।’

চবিসাফ, ঢাকার সভাপতি শাহীন-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, চবিসাফ, ঢাকার কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত