নারায়ণগঞ্জ জেলা পুলিশের ইফতার মাহফিলে একই টেবিলে বসে ইফতার করলেন আলোচিত দুই রাজনীতিক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল সোমবার জেলা পুলিশ লাইন্সে প্রায় ৯ মাস পরে তাদের দেখা হলেও কোনো কথা হয়নি।
একই টেবিলে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, নজরুল ইসলাম বাবু ও লিয়াকত হোসেন খোকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার মাহফিলে এক টেবিলে বসেন শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী। তাদের মাঝে বসেন মৃণাল কান্তি দাস ও হাসিনা গাজী। দীর্ঘ পৌনে এক ঘণ্টার বেশি সময় এক টেবিলে বসে ছিলেন তারা। এর মধ্যে টেবিলে বসা সবার সঙ্গে সবার কথা হলেও কোনো কথা হয়নি শামীম ও আইভীর। এমনকি কুশল বিনিময়ও হয়নি।
