নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষকে (বেজা) সহযোগিতার আশ্বাস দিয়েছে জাইকা। গতকাল অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ আশ্বাস দেন সংস্থাটির প্রতিনিধিরা।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকায় এবং জেট্রোর আবাসিক প্রতিনিধি উজি আন্দো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আভিজাত্য ও সৌন্দর্য দিনে দিনে ডানা মেলছে। বাংলাদেশের সমৃদ্ধির এ অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে জাপানের সরকার তথা জনগণ গর্বিত। তিনি আরও উল্লেখ করেন, কভিড-১৯ মহামারীর প্রভাব কাটিয়ে উঠে এবং বিনিয়োগকারীদের প্রতি সেবার মান বাড়িয়ে বাংলাদেশ ৭.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পথে ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে।
জেট্রোর আবাসিক প্রতিনিধি উজি আন্দো একটি উপস্থাপনার মাধ্যমে জানান, ৬৮ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা প্রসারে আগ্রহী।
