১৫ ব্রোকারের কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:১০ এএম

প্রি-ওপেনিং সেশনে সর্বনিম্ন দরে কিছু বড় মূলধনী কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ১৫ ব্রোকারেজ হাউজের কাছে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর কাছে পাঠানো হয়েছে।

আনুষ্ঠানিক লেনদেন শুরুর আগে সর্বনিম্ন দরে শেয়ার বিক্রির এমন প্রস্তাব বেআইনি ও অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করছে এসইসি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্রোকারেজ হাউজগুলো সন্তোষজনক ব্যাখ্যা নিতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নিয়ন্ত্রক সংস্থা।

ব্যাখ্যা চেয়ে পাঠানো ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে শাহেদ সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, এসঅ্যান্ডএইচ ইকুইটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, গ্লোব সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, কাইয়ুম সিকিউরিটিজ ও মিডওয়ে সিকিউরিটিজ।

এসইসির চিঠিতে বলা হয়েছে, গতকাল লেনদেন শুরুর আগে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টার মধ্যে আগের দিনের ক্লোজিং দরের থেকে সর্বনিম্ন ২ শতাংশ কমে বিক্রয়াদেশ দেওয়া হয়েছে, যা বেআইনি ও অসৎ উদ্দেশ্যে করা হতে পারে। এ পরিস্থিতিতে এ চিঠি ইস্যুর ৪৮ ঘণ্টার মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত