ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী এখন ব্যস্ত সময় পার করছেন। আসন্ন ঈদে তার অভিনীত অনেক নাটক, টেলিফিল্ম প্রচারিত হবে চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। শ্যুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন মেহজাবীন চৌধুরী। তিনি বলেন, ‘ঈদের কাজ নিয়েই এখন বেশি ব্যস্ততা। কতগুলো কাজ যাবে, সেটা বলতে পারছি না। তবে প্রায় সবগুলো কাজই দর্শকের ভালো লাগবে বলে মনে করি।’
মেহজাবীন কাজ করেছেন নানা চরিত্রে, নিজেকে ভাঙছেন প্রতিনিয়তই। সম্প্রতি তার প্রমাণ মিলেছে ওয়েব ফিল্ম ‘রেডরাম’ আর ওয়েব সিরিজ ‘সাবরিনা’য়। সে ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন নারীর ক্ষমতায়নের গল্পে। রাহিতুল ইসলামের উপন্যাস ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে এ ওয়েব ছবিটি। ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ নামে ছবিটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূর গল্পে নিজেকে মেলে ধরেছেন মেহজাবীন। এ বিষয়ে মেহজাবীন বলেন, ‘দাম্পত্য জীবনে অনেক নারী দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করছেন। তাদেরও ইচ্ছা জাগে নিজেদের কাজ দিয়ে সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করার। এই ওয়েব ছবি তেমনই এক গল্প নিয়ে। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে।’ জানালেন ঈদে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পাবে ওয়েব ছবিটি।
তিন বছর আগে মুক্তি পাওয়া মেহজাবীন অভিনীত ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটকটি এখনো দর্শকের মনে রঙিন হয়ে আছে। নাটকটিতে জোভান ও মেহজাবীন চৌধুরীর কেমিস্ট্রি দর্শকদের মধ্যে অন্য রকম ভালো লাগা তৈরি করেছিল। এবারের ঈদে আসছে নাটকটির দ্বিতীয় সিজন ‘লাভ ভার্সেস ক্রাশ ২’। নাটকটির নির্মাতা প্রবীর রায় চৌধুরী। এ বিষয়ে মেহজাবীন বলেন, ‘প্রবীর দাদার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময় খুব চমৎকার। ওনার সঙ্গে করা প্রায় সবগুলো কাজই দর্শক বেশ পছন্দ করেছেন। লাভ ভার্সেস ক্রাশ নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে অন্য রকম ভালো লাগা আছে, সেটা উপলব্ধি করি। সেই জায়গা থেকেই এর নতুন সিজন নির্মিত হলো। এটা নতুন সিজন হলেও আগের গল্পের সঙ্গে এর কোনো মিল নেই, একদমই নতুন গল্প। খুবই চমৎকার। আগের কাজটির মতো এটিও দর্শকদের পছন্দ হবে, আমার বিশ্বাস।’
অপূর্বর সঙ্গে মেহজাবীনের রসায়ন বরাবরই পছন্দ করেন দর্শকেরা। এবারও থাকছে তাদের রসায়ন। অপূর্বর সঙ্গে এবার মেহজাবীন বেশ কিছু কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছে সিএমভির ব্যানারে নির্মিত ‘উড়ো প্রেম’। এটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। এর বাইরেও অপূর্বর সঙ্গে রয়েছে একাধিক নাটক। রুবেল হাসানের ‘মিস্টার অভিনেতা’তেও অপূর্বর সঙ্গে জুটি হয়েছেন মেহজাবীন।
নানামাত্রিক চরিত্রে অভিনয় করা মেহজাবীন এবার একই নাটকে অনেক রূপে হাজির হবেন। জানালেন ‘টু বাই টু লাভ’ নাটকে কখনো তিনি মফস্বল শহরের ফটোস্টুডিও দোকানের ফটোগ্রাফার, আবার কখনো সংগীতশিল্পী, গায়েহলুদের মঞ্চে ইউকুলেলে বাজিয়ে অতিথিদের গান শোনান নিয়মিত, এমন বহুরূপী সত্তায় দেখা মিলবে তার। এই নাটকে তার বিপরীতে রয়েছেন আফরান নিশো।
মেহজাবীন বলেন, ‘রুবেল হাসানের পরিচালনায় এতে আমার কো-আর্টিস্ট আফরান নিশো। মফস্বল শহরের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত হয়েছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই দারুণ। আমাদের এ কাজটিও দর্শক পছন্দ করবেন।’
এক যুগ ধরে শোবিজে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন ৪৪৫টিরও বেশি নাটকে। প্রায় ৮০টিরও বেশি বিজ্ঞাপনে দেখা গেছে। এই অঙ্গনে পা মাড়িয়ে একটু একটু করেই অভিনয় নৈপুণ্যে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। হাঁটতে চান আরও অনেকটা পথ, দুই হাতে কুড়াতে চান ভালোবাসা। মেহজাবীন বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। আমার দীর্ঘ ক্যারিয়ারের এই পথচলায় যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, সেসব পরিচালক, সহকর্মী, ভক্ত-অনুরাগী এবং সাংবাদিক ভাই-বোনের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। তারা সবাই আমাকে তাদের ভালোবাসার চাদরে সব সময় মুড়িয়ে রেখেছেন। এমন ভালোবাসাতেই সারা জীবন বেঁচে থাকতে চাই।’
