রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঝড়ের কারণে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাট অফিস সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ের প্রভাবে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে যাওয়ায় বুধবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বাতাসের কারণে ১ ঘণ্টা ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ ছিল।
সরেজমিন বুধবার সকালের দিকে দৌলতদিয়া ঘাট ও এর আশপাশে সড়ক ঘুরে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পণ্যবাহী ট্রাক আটকে ছিল। পচনশীল, বাসসহ জরুরি গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করায় অধিকাংশ অপচনশীল পণ্যবাহী গাড়ি আটকা থাকে, তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পরে সকাল ১০টার দিকে অল্প সময়ের ভেতরে এই দীর্ঘ সারি অনেকটাই কমে যায়।
ট্রাক চালক ফরহাদ হোসেন বলেন, চার দিন আগে কোনো রকম সিরিয়াল ছাড়া ঘাট পার হইছি, কিন্তু ভোররাতে ঘাট এলাকায় এলেও সকালে ফেরি বন্ধ থাকায় এখনো সিরিয়ালে বসে আছি, আজ মনে হয় আর পার হতে পারবো না।
ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের চালক আলতাফ হোসেন বলেন, বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও অনেক সময় বাসের লাইনে ট্রাক ঢুকিয়ে দেয়া হয় ফলে বাসের লাইন অনেক সময় দীর্ঘ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, সকালে ঝড়ো বাতাসের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ফেরি বন্ধ ছিল। এইজন্য সকালে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছিল।
এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।
