ঢালিউডের কিংবদন্তি নায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। সিঙ্গাপুর থেকে দ্রুত দেশে ফিরবেন বলেও জানা গেছে। এসব তথ্য জানিয়েছেন জনপ্রিয় খলনায়ক ডিপজল।
অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল নিজের শরীর চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। সেখান গিয়ে কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের সঙ্গে দেখা করেন। এরপর তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টে লেখেন, ‘সিঙ্গাপুর এসেই ফারুক মামুর সাথে কথা হয়েছে। ফারুক মামু সুস্থ আছেন, দ্রুত দেশে ফিরবেন তিনি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এদিকে কয়েকদিন আগে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সিঙ্গাপুরে কিংবদন্তি অভিনেতা ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। এ বিষয়ে জানতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। ফারহানা জাগো নিউজকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের প্রিয় ফারুক ভাই ভালো আছেন। এসময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।
