সরকারি কর্মকর্তাদের বার বার বদলি করলে উন্নয়ন প্রকল্প ব্যাহত হয়: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১০:৩৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, উন্নয়ন প্রকল্প যথাসময়ে শুরু ও সম্পন্ন না হলে ব্যয় এবং জনদুর্ভোগ বাড়ে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বড় ভূমিকা রয়েছে। কিন্তু তাদের বার বার বদলি করলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হয়। 

পররাষ্ট্রমন্ত্রী শনিবার সিলেটে এক অনুষ্ঠানে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে এবং রেললাইনকে ডুয়েল গেজে উন্নীতকরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবাগত নার্সিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরো বলেন, দেশে ৫ হাজার মানুষের জন্য মাত্র একজন নার্স ও দুই হাজার মানুষের জন্য একজন চিকিৎসক রয়েছেন। যা খুবই অপ্রতুল। তাই চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়াতে হবে। অবশ্য শেখ হাসিনার সরকার গত এক যুগে প্রচুর চিকিৎসক-নার্স নিয়োগ দেওয়ায় সংকট কিছুটা দূর হয়েছে এবং স্বাস্থ্যসেবার মান বেড়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট নগরীর শাহী ঈদগাহ এলাকায় স্থাপন করা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত ওই জমি একটি দুষ্টুচক্র দখল করতে মরিয়া হয়ে উঠেছে। 

ওই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সিলেট আওয়ামী লীগের নেতাদের প্রতি নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ড. মোমেন সিলেটে স্বাস্থ্যখাতে বিত্তবানদের বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে সিলেটের মানুষ চিকিৎসার জন্য আর বিদেশে যাবে না। বরং বাইরের মানুষ চিকিৎসা নিতে সিলেটে আসবে। 

বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আয়োজনে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন। 

সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত